রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারী হিসেবে ‘আইএস-এর দাবিকৃত’ পাঁচ জঙ্গির মধ্যে পঞ্চমজনের পরিচয় মিলেছে। ছবি দেখে নিজ ছেলেকে চিনতে পারার কথা স্বীকার করেছেন বগুড়ার ধুনটের বানিয়াজান গ্রামের বদিউজ্জামান নামে এক ব্যক্তি। বদিউজ্জামানের স্বীকারোক্তি অনুযায়ী তার ছেলের নাম শফিকুল ইসলাম উজ্জ্বল।
বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) গাজিউর রহমান জানান, সোমবার ফেসবুকের ছবি দেখে বাবা বদিউজ্জামান তার ছেলে শফিকুল ইসলাম উজ্জ্বলকে শনাক্ত করেন।
উজ্জ্বলের বড় ভাই আসাদুল ইসলাম বলেন, গত ৬ মাস আগে উজ্জ্বল ধুনটের বাড়ি থেকে বের হয় এবং ঢাকায় তাবলীগ জামায়াতের চিল্লার উদ্দ্যেশ্যে রওনা দেয়। পরবর্তীতে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সে কিভাবে ও কখন জঙ্গি হয়েছে তা পরিবারের অজানা।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, কিছুদিন আগে উজ্বল কালো পোশাক ও মাথায় পাগড়ি বেঁধে এলাকায় ঘুরে বেড়িয়েছে এবং ইসলামের কথা বলেছে। কিন্তু তাদের কখনও ধারণা হয়নি এটিই আইএসের পোশাক ছিল।
জানা গেছে, বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের দরিদ্র কৃষক বদিউজ্জামানের তিন ছেলের মধ্যে উজ্জ্বল সবার ছোট। সে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে মাস্টার্স ১ম বর্ষের পরীক্ষা দিয়ে গত দুই বছর আগে ঢাকায় যায়। এরপর আশুলিয়া থানার শাহজাহান মার্কেট এলাকার মাদারী মাদবর কেজি স্কুলে শিক্ষকতার চাকরি নেয়। পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যায়।
উজ্জ্বল আশুলিয়া এলাকায় বড় ভাই গার্মেন্টস শ্রমিক আসাদুল ইসলামের বাড়িতে থাকতো। চার মাস আগে আসাদুল গার্মেন্টসের চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন। তখন উজ্জ্বল আরেকটি বাসা ভাড়া নিয়ে চাকরি করছিল বলে জানায় পরিবার।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) জানান, লাশের ছবি দেখে চিনতে পারছেন না। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
/এইচকে/
আরও পড়ুন: ‘আমরা বেহেস্তে যাচ্ছি, তোমরা পালাও’
আরও পড়ুন: ‘নিখোঁজ’ শাওন ‘জঙ্গি’ সন্দেহে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন







