কাটার মাস্টার খ্যাত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মুস্তাফিজুর রহমানের চাচাতো ভাই বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। বৃহস্পতিবার ঈদের দিন সকাল ৭টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোতাহার হোসেনের (২৮) মৃত্যু হয়। তিনি মোস্তাফিজের চাচা মৃত মোমিন গাজীর ছেলে।
মোস্তাফিজের মেজ ভাই জাকির হোসেন বলেন, ঈদের দিন চাচাতো ভাই মোতহার হোসেন নিজের বাড়ির ছাদে মোটর পাম্পে পানি ওঠানোর জন্য বিদ্যুতের লাইন দিতে গিয়ে অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম এই পেসারের ঈদের নামাজের পর পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, শিশু-কিশোর, ভক্তসহ বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা থাকলেও চাচাতো ভাইয়ের মৃত্যুতে সেটি হয়নি।
প্রসঙ্গত, গত বছর চট্টগ্রামে আফ্রিকার সঙ্গে সিরিজ চলায় পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে পারেননি মুস্তাফিজুর রহমান এবং ওইদিন তার মেজ ভাইয়ের স্ত্রী মৃত ছেলের জন্ম দেন।
এদিকে, জাতীয় দলে খেলা সাতক্ষীরার আরেক ক্রিকেটার রবিউল ইসলাম শিপলু সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহে জেলা প্রশাসনসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ঈদের নামায় আদায় করেন।
আরও পড়ুন:
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মাশরাফি
/বিটি/








