খুলনা জেলা কারাগারের অফিস চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলা কারাগারের সুপার মো. কামরুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে কারাগারের অফিস চত্বরের সামনে হঠাৎ করে কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া কারাভ্যন্তরের প্রধান গেইট সুরক্ষিত ছিল।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ পরিদর্শন করে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের কিছু আলামত উদ্ধার করেছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জুন রাতে জেলা কারাগারের জেলার মো. জান্নাতুল ফরহাদের সরকারি বাস ভবনের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
এছাড়া গত ১৬ মে জেলা কারাগারের সুপার মো. কামরুল ইসলামের বাসভবন চত্তরে তার সরকারি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এসব ঘটনায় মামলা এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েতসহ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: ভোটার হতে যাচ্ছেন সাবেক ছিটমহলবাসীরা, রবিবার থেকে তথ্য সংগ্রহ শুরু
/এআর/







