বরিশালে এলজিইডি’র অর্থায়নে নির্মিত ব্রিজ ধসে বালুবাহী ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনার পর থেকে জেলার আগৈলঝাড়ার সঙ্গে ডাসার ও মাদারীপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে মাদারীপুর থেকে বালু বোঝাই একটি ট্রাক আগৈলঝাড়ার বাশাইলে যাওয়ার সময় মাগুড়া ব্রিজ অতিক্রমকালে ব্রিজটি ধসে পড়ায় ট্রাকটি খালে পড়ে যায়। এসময় ট্রাকচালক, হেলপার ও শ্রমিকরা আহত হন।
এদিকে জনগুরুত্বপূর্ণ ওই ব্রিজটি ধসে পড়ায় আগৈলঝাড়া উপজেলার সঙ্গে মাদারীপুরের কালকিনি, ভুরঘাটা ও ডাসারের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ কারণে যানবাহন চলাচল বন্ধসহ জনগণ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
খবর পেয়ে সওজ’র কার্য সহকারী রুস্তুম মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ব্রিজটি তাদের নয়,এলজিইডি বিভাগের। তবে এখন তাদের বিভাগের আওতায় ব্রিজটি নির্মিত হতে পারে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী রাজকুমার গাইন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, স্বল্প সময়ে ত্রুটিপূর্ণ নির্মাণ আর ভারি যানবাহন চলাচলের কারণেই ব্রিজটি ধসে পড়েছে।
তিনি আরও জানান, এলজিইডি বিভাগ থেকে ওই সময়ে ব্রিজ নির্মাণ করা হলেও এখন সড়কটি সওজের আওতায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: থমকে আছে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের নির্মাণ কাজ
/এআর/








