গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত অভিযোগে দুই মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ও বাঁশবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের মো.কদর শেখ (১৮), একই গ্রামের মো.বায়েজিদ শেখ (২০)।
কদর শেখ কোটালীপাড়া উপজেলার কুরপালা কওমি মাদ্রাসার না’ বিবি বিভাগের ও বায়োজিদ টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া কওমি মাদ্রাসার জালালিয়াত বিভাগের ছাত্র।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার খোকন তালুকদার দ্বিতীয় শেণির ছাত্রী ধর্ষনের ঘটনার বিচার পরিচালনা করেন। এ বিচারের তিনি অভিযুক্তদের ১ লাখ টাকা জরিমানা করেন। সালিশের ভিডিও চিত্র ২ মাদ্রাসা ছাত্র তাদের মোবাইল ফোনে ধারণ করে। পরে মেম্বারের লোকজন তাদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। এসময় মোবাইলে জিহাদি গান, প্রধানমন্ত্রীসহ সরকারে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যঙ্গচিত্র রয়েছে বলে তারা দেখতে পান। পরে মেম্বারের লোকজন মোবাইলের মেমোরি কার্ড খুলে রেখে ওই ২ ছাত্রের মোবাইল ফেরত দিয়ে দেন।
উদ্ধারকৃত মেমোরিতে থাকা ভিডিও এবং অডিও বৃহস্পতিবার টুঙ্গিপাড়া থানার ওসিকে দেখানোর পরই পুলিশ ওই দুই মাদ্রাসা ছাত্রকে আটক করে।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. মাহমুদুল হক জানিয়েছেন, আটককৃতরা সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এমন গোপান সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই দুই মাদ্রাসা ছাত্রকে আটক করা হয়।
তিনি আরও বলেন, তাদের মোবাইল ফোনের মেমোরিতে সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের অডিও ও ভিডিও পাওয়া গেছে। প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য, এমপি, পুলিশের আইজি ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বিকৃত ছবি পাওয়া গেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: আইএস জঙ্গিদের গল্প পড়ানো হয় বরিশালের পিস স্কুল অ্যান্ড কলেজে!
/এআর/







