নিরস্ত্র মানুষ হত্যা করে কখনও ইসলাম কায়েম করা যায় না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। শুক্রবার সকালে নকলা উপজেলার স্থানীয় মুক্তিযোদ্ধা বিদ্যানিকেতন প্রাঙ্গনে তার প্রতিষ্ঠিত ‘আলোয় ভুবন ভরা’ প্রকল্পের আওতায় ‘টপ টেন’ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সৌর হারিকেন বিতরণ কালে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, দেশ যখন উন্নয়নে এগিয়ে যাচ্ছে তখন একদল জঙ্গিগোষ্ঠী আমাদের দেশে এসে শান্তি নষ্ট করে ইসলামের নামে মানুষ হত্যা করছে। তাদের শক্ত হাতে দমন করতে হবে।
কৃষিমন্ত্রী বলেন, যারা মানুষ হত্যা করছে, যারা অন্ধাকার জগতের দিকে ধাবিত হচ্ছে তাদের জ্ঞানের আলো দিয়ে সুপথে ফেরানোই হোক আমাদের প্রতিজ্ঞা।
এসময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এসময় উপজেলার ২নং নকলা ইউনিয়ন এবং নকলা পৌরসভার ৩টি ওয়ার্ডের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মোট ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণিতে পড়ুয়া ‘টপ টেন’ মোট ১ হাজার ৯৯ জন শিক্ষার্থীদেরকে সোলার হারিকেন বিতরণ করেন।
এসময় মন্ত্রীর সঙ্গে এডিসি (রাজস্ব) ফরিদ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন সিকদার, এএসপি (সার্কেল) লাবনী খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসালাম জিন্নাসহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
/এআর/
আপ: এইচকে
আরও পড়ুন: মৌলভীবাজারে ১৮ বছরের নিচে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ








