কুষ্টিয়ার ভেড়ামারায় হানিফ পরিবহনের বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। শুক্রবার ভেড়ামারা থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় হানিফ কাউন্টারের ইনচার্জ শফিকুল ইসলাম শফি জানান, সশস্ত্র ডাকাত দল যাত্রীদের কাছ থেকে প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এসময় ডাকাতদের হামলায় বাসের ড্রাইভার নওয়াব আলীসহ ৬ জন আহত হয়েছেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের ১২ মাইলের ব্র্যাক অফিসের সামনে ডাকাতরা পাটকাঠির বোঝা ফেলে মহাসড়ক অবরোধ করে। এসময় হানিফের দুটি পরিবহন, লালন পরিবহন, শ্যামলী পরিবহন, জিআর পরিবহনসহ অন্তত ৭-৮টি নৈশ কোচ আটকা পড়ে। তবে সশস্ত্র ডাকাতরা প্রথমেই থাকা হানিফ পরিবহনে হামলা করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বাস ডাকাতির ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
আরও পড়ুন: বরগুনায় মৃত মহিষের মাংস বিক্রির অভিযোগে জরিমানা
/এমও/







