দেশে কোনও জঙ্গি সংগঠন নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কোনও আইএস বা আল কায়েদা আমাদের দেশে নেই। যারা ৭৫ পরবর্তী সময়ে পায়ের রগ কাটতেন, তারাই জেএমবি, হুজি, আনসারুল্লাহ বাংলা টিম হয়েছেন। রবিবার দুপুরে গাইবান্ধার সাঘাটার নবনির্মিত থানা কমপ্লেক্স ভবন উদ্বোধনের পর গাইবান্ধা পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে জঙ্গিবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সিরিয়া, ইরাক বা পাকিস্তানের সঙ্গে আমাদের কোনও বর্ডার নেই। কাজেই আইএসের কোনও ভিত্তি এখানে থাকতে পারে না। আমাদের এখানে আইএস তৈরি করার জন্য যে সমস্ত জঙ্গি নেতারা চেষ্টা করছেন তাও বিফল হয়েছে। কারণ আমরা প্রমাণ করেছি আইএস বলতে কোনও পদার্থ বা কোনও সংগঠন এখানে নেই।
জামায়াত-শিবিরের ছত্রছায়ায় স্বাধীনতাবিরোধী চক্র দেশে জঙ্গি তৎপরতা পরিচালনা করছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, এরা ধর্মের নামে, ইসলামের নামে কালিমা লেপন করতে চাচ্ছে। ইসলামসহ কোনও ধর্মই হত্যাকাণ্ড সর্মথন করে না। আমরা যেকোনও মূল্যে এদের প্রতিহত করব। দেশ থেকে সন্ত্রাসী তৎপরতা ও জঙ্গিবাদ চিরতরে উৎখাত করতে দেশের সব বাহিনীর সদস্যসহ সাধারণ জনগণ আজ ঐক্যবদ্ধ।
আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে কেউ আত্মপ্রচার করবেন না: ওবায়দুল কাদের
/এমও/







