জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘অভিন্ন নদীর ওপর একতরফাভাবে পানি প্রত্যাহার ও বাধেঁর গেট খুলে দেওয়া সঠিক কাজ না। একতরফাভাবে ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ায় বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করে ভারতীয় কর্তৃপক্ষকে জানানো দরকার।’
রবিবার (২৮ আগস্ট) বেলা ১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর, বাহাদুরপুর ও জুনিয়াদহ ইউনিয়নের পদ্মা নদীর ভাঙন এলাকা পরিদর্শনকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতা করবেন বলেও আশ্বস্ত করেন মন্ত্রী।
হাসানুল হক ইনু বলেন, ‘খালেদা জিয়া ও বিএনপি যতই বিভ্রান্তির চেষ্টা করুক না কেন যুদ্ধাপরাধীদের মত জঙ্গিদেরও বাঁচাতে পারবে না। জঙ্গিদের পরিচয় ও জঙ্গি দমনের কৌশল নিয়ে অহেতুক বিভ্রান্তি তৈরির অপচেষ্টার কী উদ্দেশ্য তা দেশবাসী বোঝে।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়া ও বিএনপি যতই বিভ্রান্তির জন্ম দিক না কেন যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারেনি। জঙ্গি দমনের অভিযানও আটকাতে পারবে না। জঙ্গিরা বঙ্গবন্ধুর খুনিদের মতই আতস্বীকৃত খুনি। পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি করে কোনও লাভ নাই। জঙ্গি দমনে সরকারের সাফল্যকে প্রশংসা না করে কুট প্রশ্ন করার মধ্যে জঙ্গিদের আড়াল করছেন খালেদা জিয়া।’
এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি আলহাজ্ব মহসিন আলী, কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জয়নাল আবেদীন, সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়ার প্রকাশক ও সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েল, মোকারিমপুর ইউনিয়নের চেযারম্যান আব্দুস সামাদ, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আসিকুর রহমান ছবি, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অশিত কুমার সিংহ রায়, জসসংযোগ বিষয়ক সম্পাদক নবির উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, সাবেক চেয়ারম্যান বেনজির আহমেদ বেনু প্রমুখ। এ সময় মন্ত্রী ৩৫০ জনকে চাল সাহায্য তুলে দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আরও পড়ুন-
৫ এপ্রিল বাড়ি ছাড়ে তামিমের সহযোগী জঙ্গি রাব্বী
কল্যাণপুর থেকে পাইকপাড়া: জঙ্গিবিরোধী অভিযানে নতুন মাত্রা
/এফএস/








