সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আবারও তিন সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার রাত পৌনে ২টার দিকে উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
তারা হলো লাহিড়ী মোহনপুর ইউনিয়নের চাকশা দক্ষিণপাড়ার ইসরাফিল হোসেন (২৪), চর রেমাহনপুর পশ্চিমপাড়ার রুহুল আমিন এবং চরমোহনপুর উত্তরপাড়ার আলমাস হোসেন (৩০)। জেএমবির শীর্ষ নেতা সামিউল ওরফে রবিন ওরফে তালহারের মাধ্যমে এরা জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তবে তারা সাংগঠনিক পদে নেই বলে দাবি ডিবির।
ডিবি জানায়, পুলিশ সুপার মিরাজ উদ্দিনের নির্দেশনায় ডিবি পুলিশের ওসি ওয়াহেদুজ্জামানের নেতৃত্বে সেকেন্ড অফিসার রওশন আলী ও উপ পরিদর্শক ইয়াসিন আরাফাতসহ একদল ডিবি পুলিশ অভিযান চালিয়ে তিন জঙ্গিকে আটক করে। তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। তবে, পুলিশের উপস্থিতির টের পেয়ে মূল মাস্টারমাইন্ড আগেই পালিয়ে যায়। তদন্তের স্বার্থে সেই মাস্টারমাইন্ডের নাম গণমাধ্যমকে জানানো যাচ্ছে না।
এদিকে, পুলিশ সুপার কার্যালয়ে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ। তিনি জানান, জেএমবির হাই কমান্ডের নির্দেশে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে এরা উল্লাপাড়ার ওই প্রত্যন্ত অঞ্চল থেকে পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে জেএমবির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা ও সদস্য বাড়ানোরও অভিযোগ রয়েছে। জেএমবির শীর্ষ নেতা সামিউল ওরফে রবিন ওরফে তালহারের মাধ্যমে এরা জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
তিনি বলেন, উল্লাপাড়ার মোহনপুর, বাদুল্লুপুর ও রশিদপুরসহ প্রত্যন্ত বেশ কটি গ্রামে আরও জেএমবি সদস্য রয়েছে। খুব শিগগিরই তারা ধরা পড়বে।
ঈদের আগে সিরাজগঞ্জের সন্দেহভাজন জঙ্গিরা যারা এখনও ধরা পড়েনি, তাদের পক্ষ থেকে বড় ধরনের নাশকতার প্রস্তুতি আছে কিনা, গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, আসন্ন কোরবানির ঈদের আগে থেকেই পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। যে কোনও ধরনের নাশকতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে জেলার সব পুলিশ সদস্য।
প্রসঙ্গত, উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নের বাদুল্লুপুর ও রশিদপুর গ্রাম থেকে পুলিশ ও র্যাব সম্প্রতি আরও তিনজন জেএমবি সদস্যকে আটক করেছে। তারা হলেন জেএমবির দক্ষিণাঞ্চল নেতা মাহমুদুল হাসান ওরফে তানভীর, নারী সদস্য নাদিরা তাবাসুম রানী এবং ফিরোজ আহম্মেদ। তাদের মধ্যে রানীকে সিরাজগঞ্জ ডিবি পুলিশ ও বাকিরা টঙ্গী ও গাজীপুর থেকে র্যাবের হাতে আটক হন।
আরও পড়ুন:
ওবায়দুলের ১০ দিনের রিমান্ড আবেদন
/বিটি/








