শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন বলেছেন, শিক্ষার্থীদের হত্যা ও আত্মহননের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সাথীর পরিবারের সঙ্গে রয়েছি। আর যাতে এমন ঘটনা না ঘটে সে জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বৃহস্পতিবার চাঁদপুরে নিহত শিক্ষার্থী সাথী আক্তারের বাড়িতে তার শোকাহত বাবা মায়ের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
সচিব বলেন, তদন্ত কমিটির সদস্যরা স্থানীয়ভাবে রিপোর্ট দেবেন। তারা করণীয় ঠিক করবেন। অপরাধী যাতে কোনওভাবেই ছাড়া না পায় সে ব্যবস্থা নেওয়া হবে।
পরে তিনি বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাকদের সাথে কথা বলেন। এই স্কুলেই পড়তেন সাথী আক্তার। এ সময় চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী ও বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল উপস্থিত ছিলেন।
শিক্ষা সচিবের সামনেই সাথীর মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন।
গত ২৯ আগস্ট দুপুরে সদর উপজেলার বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তার পরীক্ষার বকেয়া ফি না দেওয়ায় এক শিক্ষক তাকে কান ধরে উঠবোস করান। এতে অপমানিত হয়ে সাথী পরের দিন আত্মহত্যা করে।
এই ঘটনায় প্রধান আসামি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বর্তমানে কারাগারে রয়েছেন। এ ব্যাপারে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি রোববারের মধ্যে তাদের রিপোর্ট প্রকাশ করবে বলে জানা গেছে।
এমএসএম/








