বগুড়ায় যুবলীগ ক্যাডারদের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন সবুজ (২৬) নামে এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের আরও দুই নেতা। বৃহস্পতিবার দুপুরে শহরের ফুলবাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার পর নিহত সবুজের বিক্ষুব্ধ সমর্থকরা তাৎক্ষণিকভাবে মিছিল বের করে ২/৩টি গাড়ি ভাঙচুর করেন। তারা কলেজের সামনে প্রায় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এমন পরিস্থিতিতে এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায় ও জনগণের মাঝে আতঙ্ক দেখা দেয়। এ সময় পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শহরের কামারগাড়ি এলাকায় কলেজের নতুন ভবনের সামনে একটি বাইকে আগুন দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
জেলা ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস জানান, ‘ছিনতাইয়ের প্রতিবাদ করায় ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সন্ত্রাসী নুরুল ইসলাম নুরুর নেতৃত্বে এ হামলা করা হয়। হামলায় ছাত্রলীগকর্মী সবুজ নিহত হন।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ সভাপতি বেনজিরের সমর্থক এক ছাত্র কলেজের সামনে রিকশা থেকে নামেন। তিনি ৪০ টাকা ভাড়ারস্থলে ২০ টাকা দেন। এ নিয়ে তার সঙ্গে রিকশা চালকের বাকবিতণ্ডা হয়। তখন ওই ছাত্র রিকশা চালককে চড়থাপ্পড় দেন। এ সময় ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুর এক সমর্থক এ ঘটনার প্রতিবাদ করেন। খবর পেয়ে ছাত্রলীগ নেতা বেনজির তার সমর্থকদের নিয়ে কলেজের সামনে আসেন। যুবলীগ নেতা নুরু ও ছাত্রলীগ নেতা বেনজিরের সমর্থকরা মুখোমুখি হলে সদর থানা পুলিশও ঘটনাস্থলে আসে। আলোচনার এক পর্যায়ে যুবলীগ ক্যাডাররা ছাত্রলীগ কর্মী সরকারি আজিজুল হক কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ও বগুড়ার কাহালু উপজেলার নাটহট্ট নহরাপাড়ার সাইফুল ইসলামের ছেলে ইব্রাহিম হোসেন সবুজের শরীরে ছুরিকাঘাত করে। তখন কলেজের সামনে টিঅ্যান্ডটি কলোনীর মধ্যে দু’পক্ষের মধ্যে মারামারি হলে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শিবলু শেখ ও যুবলীগের সাবেক নেতা বাপ্পী কুমার চৌধুরী আহত হন। আহত ইব্রাহিম হোসেন সবুজকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী জানান, ‘রিকশা ভাড়া নিয়ে বাকবিণ্ডার জের ধরে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে একজন নিহত ও দু’জন আহত হয়েছেন।’
/এসএনএইচ/








