রাঙামাটি শহরের সরকারি মহিলা কলেজ সড়কে এই দোতলা ভবন কাপ্তাই হ্রদে হেলে পড়ে চারজন নিহত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় দুটি পরিবারের ২ নারী, ২ পুরুষ এবং ১ কিশোরীকে বের করে আনলেও ওই ভবনে বাকি অন্তত আরও ৩-৪ জন সদস্য আটকা আছে বলে সাবি স্থানীয়দের।
উদ্ধার হওয়াদের মধ্যে চারজনকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- জাহিদ(৪০) ও তার মেয়ে পিংকি(১০), হাবিবা (২২) ও সামাদুল সাদ (৭)। রাঙামাটি হাসপাতালের আরএমও মং ক্যাচিং সাগর তাদের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকে মহিলা কলেজ সড়কের হ্রদের পাড়ে দিকে অবস্থিত নঈমউদ্দিন টিটু নামে এক ঠিকাদারের মালিকানাধীন দোতলা ভবনটি দেবে যেতে শুরু করে। মাত্র ১০ মিনিট সময়ের মধ্যে ভবনটির নিচতলা পুরোই দেবে যায়। এসময় ভবনের দুটি ফ্লোরে অন্তত চারটি পরিবার আটকে পড়ে। তবে পাশ্ববর্তী একটি নারিকেল গাছের কারণে ভবনের দ্বিতীয় তলা তলিয়ে যেতে বেশ সময় নিচ্ছিলো। এখন পর্যন্ত আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা।
এদিকে কাপ্তাই থেকে নৌ বাহিনীর একটি টিম ঘটনাস্থলে দিকে রওয়ানা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
ঘটনার পর রাতে রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। কমিটিতে থাকা অন্য দুজন হলেন রাঙামাটি পৌরসভা নির্বাহী প্রকৌশলী ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। কমিটিকে ২০ কার্যদিবসের তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসক।
/এআর/এনএস/








