যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার একটি মামলায় ঢাকা থেকে জামিন নিতে গিয়ে অপহৃত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এক সপ্তাহ আগে সাদা পোশাকের পুলিশ ঢাকার গুলিস্তান এলাকা থেকে তাকে উঠিয়ে নেয় বলে তার পরিবার অভিযোগ করেছে।
এখন পর্যন্ত জব্বারের খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা মঙ্গলবার সকালে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে আব্দুল জব্বারের ছেলে টিপু সুলতান জানান, গত ২৫ অক্টোবর সকাল পৌনে ৮টার দিকে তার বাবা ঢাকার গুলিস্তানে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যান। এসময় তিনি তার বাবার সঙ্গে ছিলেন। হঠাৎ পেছন থেকে একটি মাইক্রোবাসে ৪/৫ জন লোক তাদের সামনে এসে গতিরোধ করে। তাদের মধ্যে একজনের হাতে ওয়্যারলেস সেট ছিল।
তিনি আরও জানান, সাদা পোশাকধারীরা তাদের হাত থেকে মোবাইল সেটগুলো নিয়ে যায়। পরে সাদা পোশাকধারীরা তাকে রেখে তার বাবাসহ দুজনকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে চলে যায়।
টিপু সুলতান জানান, ওই দিনই এ ঘটনায় তিনি পল্টন থানায় অভিযোগ করতে যান। কিন্তু পুলিশ তার অভিযোগ নেয়নি।
এরপর তিনি ও তার পরিবারের সদস্যরা পুলিশের বিভিন্ন দফতরে খোঁজ নিয়েছেন। কিন্তু তার বাবার কোনও খোঁজ পাননি।
সংবাদ সম্মেলনে বলা হয়, আব্দুল জব্বার গদখালীর আওয়ামী লীগকর্মী হাসান হত্যা মামলার আসামি। যেদিন গদখালী ইউনিয়নের ওয়ার্ড মেম্বার রাহাজ্জান খুন হন, সেদিন আব্দুল জব্বার এবং তার দুই ভাই মহিউদ্দিন ও শফি ঢাকাতে ছিলেন। অথচ, রাহাজ্জান হত্যা মামলায় তাদেরও আসামি করা হয়।
টিপু সুলতান তার বাবার সন্ধান দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমার বাবা মামলার আসামি। বিচারে তার যা হয় হোক। কিন্তু বাবার সন্ধান চাই।’
সংবাদ সম্মেলনে জব্বারের স্ত্রী লিলি খাতুন এবং ছোট ছেলে মাসুদ রায়হান উপস্থিত ছিলেন।
/এআর/এপিএইচ/








