সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা ও কোপানোর মামলায় সিরাজগঞ্জ-৩ আসনের (তাড়াশ-রায়গঞ্জ) সংসদ সদস্য গাজী ম.ম.আমজাদ হোসেন মিলনকে জামিন দিয়েছেন আদালত। বুধবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতে এমপি মিলন আতœসমর্পণ করে জামিন আবেদন করলে মুখ্য বিচারিক হাকিম শরিফুল ইসলাম তা মঞ্জুর করেন।
কোর্ট পরিদর্শক মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার একই আদালত থেকে এমপির এক ছেলে, স্বজন এবং স্থানীয় কজন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ আটজন এই মামলায় জামিন লাভ করেন।
গত ৩০ অক্টোবর তাড়াশ উপজেলা পরিষদ হলরুমে মাসিক সমন্বয় ও আইন শৃঙ্খলা সভায় সাংসদ মিলন ও তার সমর্থকের সঙ্গে উপজেলা চেয়ারম্যান আব্দুল হকসহ বেশ ক’জন ইউপি চেয়ারম্যানের উত্তপ্ত বাক্য বিনিময় ও তর্কাতর্কির ঘটনা ঘটে। এ ঘটনার পর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে হামলা চালিয়ে চেয়ারম্যান আব্দুল হককে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু শেখ এমপি, তার পুত্র ও মেয়ের জামাইসহ ১৪ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার পরপরই এমপির ভাগিনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল খালেক পুলিশের হাতে গ্রেফতার হলেও বাকিরা পলাতক ছিলেন।
/বিটি/







