পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া গ্রামে অভি (১৩) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ির পাশে রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত অভি শোলাবাড়িয়া গ্রামের ইমরান হোসেন বাবুর ছেলে। সে আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পরিবারের বরাত দিয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার রাতে বাড়িতে ঘুমিয়েছিল অভি। শুক্রবার সকালে বাড়ির অদূরে রাস্তায় ছেলের লাশ পড়ে আছে বলে খবর জানতে পারেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, দুর্বৃত্তরা বাড়ির অদূরে মাঠের মধ্যে অভিকে কুপিয়ে হত্যার পর লাশ রাস্তার ধারে ফেলে রাখে বলে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কারা, কি কারণে অভিকে হত্যা করেছে সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি পরিবারের সদস্যরা।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি আব্দুর রাজ্জাক।
/বিটি/
আরও পড়ুন:
যাত্রাবাড়ীতে গ্রেফতার রমিকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় চার মাস আগে!








