পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর এলাকায় সেন্ট রিটা চার্চের নৈশ প্রহরীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত গিলবার্ড ডি কস্তাকে (৬০) পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করেছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আহসান হাবীব জানান, রাত ৩টার দিকে ওই চার্চের নৈশ প্রহরীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তার ওপর হামলা চালানো হয়েছে।
/বিএল/








