রাজশাহীর তানোর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের ‘জঙ্গি আস্তানা’ থেকে গ্রেফতার হওয়া আট জনের মধ্যে তিন জনের দ্বিতীয় দফার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২ জুলাই) তানোর থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত- ৩ এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সিদ্দিকুর রহমান বলেন, “বাড়িটির (‘জঙ্গি আস্তানা’) মালিক রমজান আলীর ছেলে ইব্রাহিম হোসেন, ইস্রাফিল হোসেন ও জামাতা রবিউল ইসলামকে সাত দিনের রিমান্ডে চাইলে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক সাইফুল ইসলাম।
তিনি আরও জানান, মামলায় একই পরিবারের আট জনকে আসামি করা হয়। এর আগে ১৩ জুন প্রথম দফায় গ্রেফতার আট জনের মধ্যে ছয় জনের ১০ দিন ও দুই জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ১১ জুন গভীর রাতে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও রাজশাহী জেলা পুলিশ রমজানের বাড়ি ঘিরে অভিযান চালায়। সেখান থেকে ৪ শিশুসহ ১২ জনকে আটক করে পুলিশ। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। পরদিন ১২ জুন রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি বোমা নিষ্ক্রিয়কারী দল বাড়িটিতে দ্বিতীয় দফা অভিযান চালায়।
এ অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন রিবাথ’। অভিযানে বাড়ি থেকে তিনটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। এছাড়া বাড়ি থেকে কিছু জিহাদি বই, নগদ দুই লাখ টাকা, একটি ল্যাপটপ, পাঁচটি মোবাইল ফোন ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
/এএইচ/এসএমএ/








