তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘পঁচাত্তরের খুনি, তাদের ধারক-বাহক ও দোসররা এখনও বাংলাদেশে সক্রিয় রয়েছে। পঁচাত্তরের খুনিরা সংবিধানের বাইরে বাংলাদেশকে ঠেলে দিয়েছিল। তারা মুক্তিযুদ্ধকে নির্বাসনে পাঠিয়েছিল। তাদেরই ধারক-বাহক রাজাকার, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াত এখনও চক্রান্ত করছে।’
শুক্রবার (৪আগস্ট) সকালে কুষ্টিয়া সার্টিক হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মা তখনই শান্তি পাবে, যদি বাংলাদেশে আর রাজাকার-সমর্থিত অথবা সামরিক-সমর্থিত কোনও সরকার না হয়।’
সংবিধানের কোনও আইন যদি হাইকোর্ট বাতিল করে তাতে সরকার কেন পদত্যাগ করবেন এমন প্রশ্ন তুলে তথ্যমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ বিচার বিভাগের কাজ করেছে, আইন বিভাগ তার মতো কাজ করেছে। এতে তো গণতন্ত্র আরও শক্তিশালী হবে। এর জন্য সরকারের পদত্যাগের প্রশ্নই ওঠে না।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমেদ আলী, জেলা সিনিময় তথ্য কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান প্রমুখ। পরে তথ্যমন্ত্রী কুষ্টিয়ায় বাংলাদেশ বেতারের এফএম স্টেশন স্থাপনের সম্ভাব্য জায়গা পরিদর্শন করেন।
/বিএল/








