ভারতে চামড়া পাচারের আশঙ্কায় নওগাঁ সীমান্ত কড়া নজরদারিতে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি তৎপর রয়েছে জেলা পুলিশ। নওগাঁ বিজিবি -১৪ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল খিজির খান এ তথ্য জানান।
খিজির খান বলেন, ‘কোনভাবেই দেশের বাইরে চামড়া পাচার হতে দেওয়া হবে না। এ জন্য আমরা সব সময় তৎপর আছি। জেলার সাপাহার, নিয়ামতপুর, পোরশা, ধামইরহাট সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। ভারতে চামড়া পাচারের শঙ্কা রয়েছে সীমান্তের এমন স্থানে সতর্ক চৌকি বসানো হয়েছে।’
নওগাঁ বিজিবি -১৪ ব্যাটালিয়ান অধিনায়ক জানান, সীমান্তের আট কিলোমিটার পর্যন্ত দেশের অভ্যন্তরে চামড়া মজুদের কোনও গুদাম স্থাপন করতে দেওয়া হবে না।
নওগাঁ জেলা পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘বিজিবি এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছি। কোরবানির চামড়াবাহী কোনও গাড়ি সীমান্তের দিকে যেতে দেওয়া হবে না। জেলার সীমান্তে যাতায়াতের সড়ক ও ঘাটগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে।’








