টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা মরসুন্দী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে সোমবার রাত ভর অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করেছে র্যাব। সোমবার (০৪ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার বীণা রানী দাস।
র্যাবের ধারনা তারা জঙ্গি সদস্য। আটক দুই ভাই হলেন মাছুম (৩০) ও খোকন (২৫) ওই বাড়ির মালিক আবুল হোসেন চিশতির দুই ছেলে।
এসময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, জিহাদী বই ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান। এর আগে রাত ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখে র্যাব। মধ্যরাত থেকে টানা ৮ ঘণ্টা অভিযানের পর মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে অভিযান সমাপ্ত হয়।
টাঙ্গাইল র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার বীণা রানী দাস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গি আস্তানা কালিহাতী উপজেলার এলেঙ্গার ওই বাড়িটি র্যাব ঘেরাও করে। দীর্ঘ সময় অভিযান চালিয়ে আস্তানা থেকে ওই বাড়ির মালিকের ছেলে মাসুদ ও খোকনকে আটক করা হয়েছে। এসময় বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।’
আরও পড়তে পারেন: মিরপুরের ‘জঙ্গি আস্তানা’য় বিস্ফোরণ, চলছে র্যাবের অভিযান








