আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা আজকে পাঁচ-সাত লাখ রোহিঙ্গা শরণার্থী দেখে বাংলাদেশে দুর্ভিক্ষের দুঃস্বপ্ন দেখছে তারা বোকার স্বর্গে বাস করছে। আমাদের হাতে এখন প্রচুর খাদ্য জমা আছে। বাজারে চালের দাম কমতে শুরু করেছে। কোনও প্রকার অভাব সারা দেশে হবে না।’ বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে টেকনাফের শামলাপুরে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে মন্ত্রী এসব কথা বলেন।
এর আগে সকালে মন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য নানা ব্যক্তি ও প্রতিষ্টানের দেওয়া ত্রাণ গ্রহণ করে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল, আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও বিকালে উখিয়ার বালুখালীতে এবং সন্ধ্যায় টেকনাফের থাইংখালীতে আরও ১০ হাজার রোহিঙ্গার মাঝে ত্রাণ বিতরণের কথা রয়েছে।
আরও পড়ুন:
বিশ্বে মুসলমানরাই কেন শরণার্থী হবে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিন: শেখ হাসিনা








