কুমিল্লার বুড়িচংয়ে আট মাস বয়সী শিশু সন্তান হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শাকিল মিয়া কুমিল্লার চান্দিনা উপজেলার খৈলকুড়ি গ্রামের আবদুল মতিনের ছেলে।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজ্জাকুল ইসলাম খসরু জানান, দণ্ডপ্রাপ্ত আসামি শাকিলের সঙ্গে কুমিল্লা নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার মামুন মিয়ার মেয়ে সোনিয়া আক্তার লিপির বিয়ে হয়। তারা চান্দিনার পাশের বুড়িচং উপজেলার শাহ দৌলতপুরে ভাড়া থাকতেন। এরইমধ্যে সোনিয়া জানতে পারেন, শাকিল আগেও একটি বিয়ে করেছেন। সেখানে তার সন্তানও রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। কলহের জের ধরে শাকিল তার দ্বিতীয় স্ত্রী লিপির সন্তান তাহসিনকে ২০১৪ সালের ১৯ মে গলা টিপে হত্যা করে। পরে লিপি বুড়িচং থানায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ সরকার একই সালের ৭ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেন। বিচারক সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে শাকিলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড প্রদান করেন।
মামলার বাদী তাহসিনের মা সোনিয়া আক্তার লিপি রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘শাকিলের মতো মানুষের ফাঁসির দাবি করছি।’
আরও পড়ুন- ঢাবির ভিসি প্যানেল অবৈধ: হাইকোর্ট








