মেহেরপুর সীমান্তে ভারত থেকে আসা একই পরিবারের ছয় রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) ভোরে তারা মুজিবনগরের নাজিরাকোনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। আটককৃতদের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের পুশ ইন করেছে।
আটককৃতরা হচ্ছে, আব্দুল গণি (৩৫) ও তার স্ত্রী সালেহা খাতুন (৩৫) এবং তাদের চার সন্তান, জাহাঙ্গীর গণি (১০), নুর কলিমা (৬) সাইফুল ইসলাম (৩) ও ১০ মাস বয়সী তসলিমা খাতুন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল গণি তার স্ত্রী ও চার সন্তান নিয়ে সীমান্ত দিয়ে বুধবার ভোরে বাংলাদেশে প্রবেশ করেন। স্থানীয় লোকজন তাদেরকে মানিকনগর গ্রামের ইছার উদ্দীনের বাড়িতে নিয়ে যায়। এরপর পুলিশ এসে তাদের হেফাজতে নিয়ে যায়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, তারা এখন পুলিশ হেফাজতে আছে।
রোহিঙ্গা আব্দুল গণি বলেন, ছয় মাস আগে তিনি পরিবার নিয়ে ভারতে গিয়েছিলেন। এক সপ্তাহ আগে তাদের আটক করে নদীয়ার পাথরঘাটা বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বুধবার ভোরে বিএসএফ তাদের কাঁটাতারের বেড়া পার করে দেয়। এখন তিনি পরিবার নিয়ে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যেতে আগ্রহী।







