যশোর শহরের বেজপাড়া এলাকায় মনোয়ার হোসেন ইমন (২৯) নামে ছাত্রলীগের এক সাবেক নেতা খুন হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তার বুকে গুলি করে। গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সঙ্গে জড়িতদের আটকে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, মনোয়ার হোসেন ইমন তার বাড়ির পাশে গুরগুল্লার মোড়ে সালাম ফার্নিচার নামে একটি দোকানের কাছে বন্ধুদের লুডু খেলা দেখছিল। ওইসময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোঁড়ে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। রাত ১১টা ২০ মিনিটের দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
কোতোয়ালি থানার এসআই হাসানুর রহমান ঘটনাস্থল থেকে গুলির একটি খোসা উদ্ধার করেছেন। যশোর কোতোয়ালি থানার ওসি আজমল হুদা সাংবাদিকদের জানিয়েছেন, ‘কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে- প্রাথমিকভাবে তা বলা যাচ্ছে না। হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।’
মনোয়ার হোসেন ইমন বাংলাদেশ ছাত্রলীগ বিগত জেলা কমিটির সহ-সভাপতি ছিলেন। তার বাবার নাম আনোয়ার হোসেন।








