বাগেরহাট শহরের ভিআইপি মোড় এলাকায় বেসরকারি খানজাহান আলী পলিটেকনিক ইনস্টিটিউটে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দেয় তারা। রবিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এই তালা লাগানোর ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
শিক্ষার্থীরা জানান, সরকারিভাবে দুই সেমিস্টারের জন্য তাদের নামে বরাদ্দ রয়েছে ৯ হাজার ৬০০ টাকা। তবে কলেজ কর্তৃপক্ষ পাঁচ হাজার টাকা কেটে রেখে তাদের মাত্র চার হাজার ৬০০ টাকা দিচ্ছে। এজন্য শিক্ষার্থীদের একটি ফর্মে স্বাক্ষর করিয়ে নেওয়া হচ্ছে। কলেজে পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে বলে লেখা রয়েছে ওই ফর্মে।
তারা বলেন, সরকারিভাবে তাদের নামে বরাদ্দকৃত সব টাকা না দিলে তারা আরও বড় কর্মসূচি গ্রহণ করবে।
খানজাহান আলী পলিটেকনিক ইনস্টিটিউটের ইনচার্জ সমরুল আলম বলেন, ‘৭৫ ভাগ হাজিরা না থাকলে ওই শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাবে না। তাই তারা কম টাকা পাচ্ছে।’
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাহাতাব উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
কিছুদিন আগে খানজাহান আলী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ওই কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন।








