বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।
সোমবার (৩০ অক্টোবর ) বেলা ১২টায় শহরের বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশের বাধায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশের বেষ্টনীর মধ্যে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা।
জেলা বিএনপির সহসভাপতি কে সি বদরুল আলম নয়ন চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম টুকু ও শহর বিএনপির আহ্বায়ক নাছির উদ্দীন আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বক্তারা।








