ফেনীতে পৃথক অভিযান চালিয়ে দুই মাদক বিক্রতাকে কারাদণ্ড দিয়েছে মাদকবিরোধী টাস্কফোর্স। তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) মাদকবিরোধী টাস্কফোর্সের এই অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
দণ্ডিতরা হচ্ছে, ফেনী সরকারি কলেজের হিসাব বিজ্ঞানে দ্বিতীয় বর্ষের ছাত্র মো. ইয়াসিন রিপন (২৪) ও বালিগাঁও ইউনিয়নের উত্তর হকদি গ্রামের রসুল আমিনকে (৩২)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ফেনী পৌরসভা ও আপ্যায়ন আফরোজের টাওয়ারে পাশের নির্মাণাধীন ভবনে চলছে মাদকের রমরমা ব্যবসা। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ফেনী সরকারী কলেজের হিসাব বিজ্ঞানের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র মো. ইয়াসিন রিপন (২৪)ওই ভবন থেকে ইয়াবা কিনে বের হওয়ার সময় তাকে তল্লাশি করা হয়। এসময় তার কাছে ৪৫ এই পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে আদালত তাকে অভিযুক্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অপরদিকে, বালিগাঁও ইউনিয়নের উত্তর হকদি গ্রামের লোমী পাটোয়ারির বাড়িতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ রসুল আমিনকে (৩২) আটক করা হয়। রসুল আমিন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক। রসুল আমিনকেও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়াও পশ্চিম রামপুর, মহিপাল লুব্দার পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো.ইকবালুর রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আইনজীবী হত্যায় গ্রেফতার চার আসামির রিমান্ড মঞ্জুর







