সিলেটের দক্ষিণ সুরমায় হযরত দরিয়া শাহ মাজার থেকে পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড গ্রেনেড ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সিলেট র্যাব-৯ এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, ঘটনাস্থল পরিদর্শন করে এগুলো মুক্তিযুদ্ধের সময়কার বলে নিশ্চিত করেছে র্যাব। উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড ও ম্যাগাজিন থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরও জানান, বুধবার দুপুরে মাজারের উন্নয়নের জন্য মাটি খুঁড়লে এসব অস্ত্রের অংশ বিশেষ দেখা যায়। মাজার কর্তৃপক্ষ প্রশাসনকে বিষয়টি জানালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পাঁচটি হ্যান্ড-গ্রেনেড ও আগ্নেয়াস্ত্রের ১৯টি ম্যাগজিন উদ্ধার করে। মুক্তিযুদ্ধচলাকালীন সময় মাজারে মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প ছিল বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে ।








