চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-সিলেট আখাউড়া রেল সেকশনের কুলাউড়া উপজেলার ভাটেরা বাজার রেলওয়ে স্টেশন ও মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তীস্থানে এ ঘটনা ঘটে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন ভাটেরা বাজার রেলওয়ে স্টেশন ও মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তী স্থানে একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আখাউড়া-সিলেট রেলপথের প্রধান লাইনে চাকা লাইনচ্যুত হয়। রেলওয়ের উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলের দিকে গেছে। ট্রেন লাইন চালু হতে আরও এক ঘণ্টা সময় লাগবে।’








