অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক ঝর্না রানী সাহা (৬৫) নামের এক ভারতীয় নাগরিককে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় দিনাজপুরের হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেট এলাকা দিয়ে ওই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছের এ তথ্য জানান।
ঝর্না রানী সাহা ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানার চয়নপাড়া গ্রামের মৃত রবীন্দ্র নাথ সাহার স্ত্রী।
সুবেদার আবু নাছের বাংলা ট্রিবিউনকে জানান, অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে শনিবার দুপুর ১২টায় হিলি সীমান্তের চেকপোস্ট সড়ক থেকে ঝর্না রানী সাহাকে আটক করা হয়। তিনি সিরাজগঞ্জ তার ভাইয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে চেকপোস্ট সড়কে বাস ধরতে এসেছিলেন। দুই বাহিনীর মাঝে বিরাজমান ভালো সম্পর্কের কারণে আটক ভারতীয় নাগরিককে ফেরত নেওয়ার জন্য ওই দিনই বিএসএফকে জানানো হয়। পরে বিএসএফ সদস্যরা তার নাম ঠিকানা যাচাই করে নিশ্চিত হয়।পরে রবিবার দুপুরে বিএসএফ এর কাছে তাকে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, ‘বিএসএফ সদস্যরাও বাংলাদেশি নাগরিককে আটক করলে আমাদের নিকট ফেরত দেয়। এতে করে দু’বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরো সুদৃঢ় হবে।’








