শেখ হাসিনার কোনও বিকল্প নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়েই হবে। কোন দল নির্বাচনে অংশ নিলো, আর কোন দল নিলো না তা কমিশন বিবেচনা করবে না। কমিশন নিজস্ব গতিতেই নির্বাচন অনুষ্ঠান করবে। এক্ষেত্রে নিরাপত্তা বাহিনী তাদের সার্বিক সহযোগিতা করবে।’
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে ভোলার লালমোহন মধ্য বাজারে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তিত করা হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয় জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা দরিদ্রসীমা কমিয়ে এনে ২২ শতাংশে নিয়ে এসেছি। আমরা টার্গেট নিয়েছি, ২০২১ সালের মধ্যে দরিদ্রসীমা ১২ শতাংশে নিয়ে আসবো।’
লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী জীবন বাজি রেখে জঙ্গি ও সন্ত্রাস দমন করেছে, করছে।’
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুণের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আলী রেজা মিয়া, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগ সম্পাদক সফিকুল ইসলাম বাদল প্রমুখ। স্বরাষ্ট্রমন্ত্রী পরে ভোলা-৩ নির্বাচনি এলাকার তজুমদ্দিন থানা ভবনের উদ্বোধন করেন। আর এর আগে তিনি লালমোহন উপজেলার নব-নির্মিত থানা ভবন উদ্বোধন করেন।








