কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১১টা থেকে দু'দফা বন্ধ থাকার পর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এই রুটে ফেরি চলাচল পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিএ-এর কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ঘন কুয়াশার কারণে ফেরি রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত বন্ধ ছিল। এরপর চালু হলেও ৫টার দিকে আবার বন্ধ হয়। সকাল সাড়ে ৮টার দিকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়। কুয়াশায় দীর্ঘ সময় পদ্মার মধ্যে আটকে ছিল যানবাহনসহ যাত্রীবোঝাই ৫টি ফেরি। এতে যাত্রীদের চরম ভোগান্তি হয়।
এদিকে দু'দফা ৭ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় কাঁঠালবাড়ি ঘাটে যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।








