সাতক্ষীরার কলারোয়ায় চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশডাঙা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশ ধর্ষণের অভিযোগে আজিজুল সরদার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
গ্রেফতার আজিজুল কুশডাঙ্গা গ্রামের মৃত জিয়া উদ্দিন সরদারের ছেলে। নির্যাতনের শিকার ওই ছাত্রী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে।
নির্যাতনের শিকার ওই ছাত্রীর মা জানান, গত মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে গাজীর মাঠে তার মেয়ে সরিষার ফুল তুলতে যায়। এসময় আজিজুল সরদার তাকে কৌশলে আলু ক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে মাঠে কর্মরত পারিকুপি গ্রামের আনছার আলী, আনেছা খাতুন, ফরিদা খাতুন ছুটে এসে তাকে উদ্ধার করে তাকে খবর দেয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, ‘নির্যাতিত স্কুল ছাত্রীর মা বাদী হয়ে আজিজুল সরদারের নাম উল্লেখ করে মঙ্গলবার রাতেই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে ওই শিশুর ডাক্তারি পরীক্ষা শেষে ২২ ধারায় জবানবন্দি নেওয়ার কাজ শেষ হয়েছে। ধর্ষণের অভিযোগে আজিজুল সরদারকেও বুধবার ভোরে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: বরিশাল থেকে ১০টি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ








