ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল তৈরি করে প্রতারণা মামলার আসামি নুরুল ইসলামকে (৪০) আটক করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুর। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে আলফাডাঙ্গার নিজ বাড়ি থেকে নুরুল ইসলামকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পিবিআই ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় আলফাডাঙ্গা উপজেলার দুলঝুরি গ্রামের নিজ বাড়ি থেকে নুরুল ইসলামকে আটক করা হয়। নুরুল ইসলাম দুলঝুড়ি গ্রামের আব্দুল বাকের এর ছেলে।
পিবিআই ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার জানান, নুরুল ইসলাম পেশায় দলিল লেখক। সে কামারগ্রামের মোহাম্মদ আলী হায়দারের সঙ্গে যোগসাজসে প্রতারণামূলক দলিল তৈরি করে। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার পাচুড়িয়া ইউনিয়নের ভুমি সহকারী কর্মকর্তা মো. জহুরুল হক বাদী হয়ে গত বছরের ১১ অক্টোবর একটি মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই। পিবিআই এ বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পান। নুরুল ইসলাম এর আগেও একটি মামলায় ১৮ দিন জেল হাজতে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। নুরুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের আটকের চেষ্টা করা হচ্ছে বলে পিবিআই জানিয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন







