কুমিল্লার মনোহরগঞ্জে সিমু আক্তার নামে দশ বছরের এক শিশুকে ধর্ষণের পর এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের হাতিমারা গ্রামে এ ঘটনা ঘটে। সিমু ওই গ্রামের কৃষক সাইদুল হকের মেয়ে। সে স্থানীয় হাতিমারা মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
ওই গ্রামের বাসিন্দা ও স্থানীয় উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান হিরন জানান, হাতিমারা গ্রামের পূর্ব-উত্তর পাশের ফসলের মাঠের মাঝে বাড়ি তৈরি করে পরিবার নিয়ে সেখানে বসবাস করছিল কৃষক সাইদুল হক। এক সপ্তাহ আগে সাইদুলের স্ত্রী রাবেয়া বেগম সিলেটে বেড়াতে যান। সোমবার সকালে সাইদুল মাঠে কাজ করার জন্য বের হন। দুপুরে বাড়ি ফিরে নিজ ঘরের খাটের নিচে মেয়ের রক্তাক্ত লাশ দেখতে পান।
মনোহরগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান বলেন,'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুর লাশ উদ্ধার করেছে। শিশুটিকে ধাঁরালো ছুরি দিয়ে মুখসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়েছে। তার শরীরে অন্তত ৫/৬টি কোপের চিহ্ন রয়েছে।'
তিনি আর জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: কক্সবাজারে ৩০ হাজার ইয়াবা উদ্ধার: রোহিঙ্গা যুবকসহ আটক ২








