গাইবান্ধায় আজান না দেওয়ায় জন্মের এক ঘণ্টার মধ্যে নিজের সন্তানকে আছাড় দিয়ে হত্যা অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়রা নবজাতকের বাবা সাজু মিয়াকে (৩১) আটক করে পুলিশে সোপর্দ করেছে। রবিবার (১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পলাশবাড়ী উপজেলা শহরের ঘোড়াঘাট সড়কের ‘মা’ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে এ ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, রবিবার বিকেলে শাহনাজ বেগম সাহেরাকে ক্লিনিকে নিয়ে আসেন তার স্বামী সাজু মিয়া ও পরিবারের লোকজন। রাত সাড়ে ৯টার দিকে সিজারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেয় সাহেরা। সন্তান জন্মের পর সাহেরা অচেতন থাকায় তার ভাবি কোহিনূর বেগম সদ্যপ্রসূত শিশুটিকে দেখাশোনায় ব্যস্ত ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে বাবা সাজু মিয়া ভাবি কোহিনূরের কোল থেকে সন্তানকে কোলে নেয়। এ সময় সাজু মিয়া ভাবির কাছে জানতে চায় সন্তান ভূমিষ্ঠের সঙ্গে সঙ্গে আজান দেওয়া হয়েছে কিনা? তখন ভাবি কোহিনূর ও পরিবারের লোকজন নিশ্চুপ থাকেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে শিশুটিকে উপরে তুলে মেঝেতে আছাড় দেন সাজু মিয়া। এতে সঙ্গে সঙ্গে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় ক্লিনিকে থাকা লোকজন সাজুকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ সাজু মিয়াকে আটক এবং শিশুর লাশ উদ্ধার করে নিয়ে যায়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, শিশুসন্তানকে নির্মমভাবে হত্যার ঘটনায় সাজু মিয়ার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। দুপুরের মধ্যে সাজুকে আদালতে পাঠানো হবে।
গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের তুলট গ্রামের শাহা মিয়ার ডিগ্রি পাস মেয়ে সাহেরা বেগমের (৩৫) সঙ্গে তিন বছর আগে একই উপজেলার শাখাহার ইউপির মোল্লাপাড়া গ্রামের সুলতান সরকারের ছেলে কোরাআনে হাফেজ সাজু মিয়ার বিয়ে হয়। সাজু মিয়া পেশায় রংমিস্ত্রি। বিয়ের পর দাম্পত্য জীবন কিছুদিন সুখের হলেও পরে কলহ শুরু হয়। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে নানা অশান্তি চলছিল বলে স্বজনরা জানান।







