এইচএসসি পরীক্ষার প্রথম দিন ২ এপ্রিল মাদারীপুরের কালকিনিতে ভিন্ন সেটে পরীক্ষা নেওয়ায় কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তিন কেন্দ্র সচিবকে শোকজ করেছে জেলা প্রশাসন। তাদের লিখিত আকারে যথাযথ ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সারাদেশে ‘খ’ সেট, কালকিনিতে ‘ক’ সেট !
জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, ‘কালকিনি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের কেন্দ্রসচিব হাসানুল হক, সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজের কেন্দ্রসচিব জাকিয়া সুলতানা এবং ডিকে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী অ্যান্ড কলেজের কেন্দ্রসচিব মমতাজ বেগমকে শোকজ করা হয়েছে। পাশাপাশি কেন তারা ‘খ’সেটের পরিবর্তে বাংলা প্রথমপত্র পরীক্ষা ‘ক’সেটে নিয়েছেন তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।’
এদিকে কালকিনি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটকের স্থলে মাদারীপুরের সহকারী কমিশনার ফারিহা তানজিন মুমুকে দায়িত্ব দেওয়া হয়েছে।








