নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা এলাকায় এক প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন। এর কিছুক্ষণ পরই ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী এলাকায় এক যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন রিকশাচালকসহ তিন জন। এর আগে, সকালে নরসিংদীর রায়পুরা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন মোটরসাইকেলের চার আরোহী। এ নিয়ে আজ শুক্রবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তিন সড়ক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ জন। সংশ্লিষ্ট এলাকাগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা এসব দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে মোটরসাইকেলে চড়ে পাঁচদোনা থেকে নরসিংদীর দিকে যাচ্ছিলেন মাধবদীর আমিনুল ইসলাম ও তার স্ত্রী মানসুরা বেগম। পথে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী সদর উপজেলার বাগহাটা এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কার তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই আমিনুল ইসলাম ও মানসুরা বেগম নিহত হন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দউজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, খবর পেয়ে সদর থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাইভেট কার ও মোটরসাইকেলের দুটিই বেপরোয়া গতিতে চলার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
বাগহাটার সড়ক দুর্ঘটনার কিছুক্ষণ পরই সোয়া ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডের অদূরে আরেক সড়ক দুর্ঘটনায় এক রিকশাচালক ও রিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস জানান, মাধবদী বাসস্ট্যান্ডের কাছেই ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশার যাত্রী মকবুল হোসেন ও রতন মিয়া এবং রিকশাচালক ঘটনাস্থলেই নিহত হন।
নিহতদের মধ্যে মকবুল হোসেনের বাড়ি মাধবদী থানার বিরামপুর মহল্লায়। তিনি কাপড় ব্যবসায়ী। রতন মিয়ার বাড়ি ময়মনসিংহ। নিহত রিকশাচালকের নাম জানা যায়নি। তবে তার বাড়ি আমদিয়া ইউনিয়নের বেলাতি গ্রামে।
এর আগে, সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার চারাবাগ এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেলের ৪ আরোহী নিহত হন। ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউছার জানান, নিহতরা হলেন— ইয়ামিন (২৩), ডালিম (১৭), সোহাগ (১৭) ও রমজান (১৭)। তারা সবাই মরজাল এলাকার বাসিন্দা।
আরও পড়ুন-
হুমকির মুখে পটুয়াখালীর বীজ উৎপাদন খামার
প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ








