নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাজিরহাটে বেগমগঞ্জ গ্যাস ফিল্ডের নতুন তিন নম্বর তেল-গ্যাস অনুসন্ধান জোনে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করা হয়। আগামী ঈদের পরেই জাতীয় গ্রিডে সংযোগ দেওয়া যাবে বলে জানায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
এই প্রকল্পের খনন অনুসন্ধান কর্মকর্তারা জানান, কূপটির তৃতীয় জোনে সকাল ১০টার দিকে গ্যাসের প্রবাহ দেখে সেখানে আগুন দেওয়া হয়। তবে আগামী দুই দিন কূপে গ্যাসের প্রবাহ রেকর্ড করে এখানে কি পরিমাণ গ্যাস রয়েছে এবং তা উত্তোলন কতটা লাভজনক হবে তা নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক পর্যবেক্ষণের পর কূপটিতে গ্যাস মজুদ রয়েছে বলে পেট্রোবাংলাকে রিপোর্ট দাখিল করা হয়। ওই রিপোর্টের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর পরিচালনা পর্ষদ প্রকল্পটি খননের উদ্যোগ নেয়।
প্রকল্পের আওতায় কেয়ার্ন কর্তৃক চিহ্নিত এলাকায় ২ ডি সাইসমিক সার্ভে পরিচালনার মাধ্যমে আহরিত উপাত্ত ও নমুনা বিশ্লেষণ করে কূপ খননের স্থান চিহ্নিত করার পর প্রায় ৩ হাজার ৫০০ মিটার (সাড়ে তিন কিলোমিটার) গভীর অনুসন্ধান কূপ খনন এবং কূপ পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
বাপেক্স এর প্রকল্প পরিচালক তোফায়েল উদ্দিন সিকদার ও ডিরেক্টর অপারেশন তোফায়েল আহম্মদ জানান, প্রকল্পটি সফলভাবে সমাপ্ত হলে আগামী ঈদুল ফিতরের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। নোয়াখালীসহ দেশের শিল্প ও বাণিজ্যিক বিকাশে এ গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাসহ নোয়াখালী ও ফেনীর বিরাজমান তীব্র গ্যাস সঙ্কট নিরসন হবে বলে আশা করছেন তারা।








