ম্যাক্স হাসপাতালে লাইসেন্স 'ত্রুটিপূর্ণ' বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) কাজী মো. জাহাঙ্গীর হোসেন। রবিবার (০১ জুলাই) রাতে স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো তিন সদস্যের প্রতিনিধি দল চট্টগ্রাম প্রেসক্লাব মিলায়তনে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি ম্যাক্স হাসপাতাল সম্পর্কে এ তথ্য দেন।
ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসার শিকার হয়ে সাংবাদিক রুবেল খানের মেয়ে রাফিদা খান রাইফার মৃত্যুর অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদফতর।
কাজী মো.জাহাঙ্গীর হোসেন বলেন,‘প্রাথমিক তদন্তে ম্যাক্স হাসপাতালের লাইসেন্স ক্রটিপূর্ণ বলে জানা গেছে। আমরা কর্মস্থলে ফিরে গিয়ে আইন মেনে এই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিব।'
তিনি আরও বলেন,‘আমরা ম্যাক্স হাসপাতাল পরিদর্শন করেছি। হাসপাতালে বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করে যাছাই-বাছাই করে দেখছি।’
কাজী মো. জাহাঙ্গীর হোসেন বলেন,‘সাংবাদিক রুবেল খানের মেয়ের মৃত্যুর ক্ষেত্রে কর্তব্যরত ডাক্তারের কোনও গাফলতি ছিল কি না, চিকিৎসা প্রক্রিয়ায় কোনও ত্রুটি ছিল কিনা? থাকলে তা কতটুকু ছিল তা আমরা যাছাই-বাছাই করে রিপোর্ট দিব।’
গলা ব্যাথার কারণে গত বৃহস্পতিবার বিকেলে রাফিদা খান রাইফাকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে রাইফার মৃত্যু হয়। চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে রাইফার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। এ নিয়ে শুক্রবার রাত থেকে সাংবাদিকরা আন্দোলন করে আসছেন। ভুল চিকিৎসার জন্য দায়ী চিকিৎসকদের বিচারের দাবিতে সাংবাদিকদের চলমান আন্দোলনে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদফতর। ঢাকা থেকে পাঠানো এই তদন্ত কমিটি রবিবার কাজ শুরু করেন। রবিবার সন্ধ্যায় তিন সদস্যের এই কমিটি ম্যাক্স হাসপাতালে গিয়ে বিএমএ প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এই সময় বিএমএ নেতাদের বিরুদ্ধে কথা বলতে বাধা দেওয়ার অভিযোগ তুলে সাংবাদিকরা হাসপাতাল থেকে বের হয়ে যান।







