যশোর শহরের শংকরপুর বাবলাতলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, দু’দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধে তিনি মারা গেছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার এসআই তারেক নাহিয়ান জানান, রাত ৩টার দিকে পুলিশের কাছে খবর আসে শংকরপুর বাবলাতলা এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়। ওই সময় সেখানে গুলিবিদ্ধ অবস্থায় যুবকটি পড়ে ছিল। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লাহ সবুজ বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।
এসআই নাহিয়ান আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও ৫টি ককটেল উদ্ধার করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত যুবকের পরনে সাদা জিন্সের প্যান্ট, আকাশি রঙের শার্ট ও কোমরে একটি গামছা বাঁধা ছিল। গুলি তার মাথায় বিদ্ধ হয়েছে।








