ফার্নিচার বোঝাই ট্রাক থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতার পুলিশের উপপরিদর্শক (এসআই) বদরুদ্দোজা মাহমুদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহ কায়সার এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
এর আগে বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকার রেদোয়ান পেট্রোল পাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিলেন র্যাব সদস্যরা। এ সময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় র্যাব সদস্যরা ট্রাকটি থামিয়ে তাতে তল্লাশি চালান। এ সময় ওই ট্রাকে থাকা স্টিলের একটি ফাইল কেবিনেটে ২৯ হাজার ২৮৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে এ ঘটনায় ওই ট্রাকের চালক ও তার সহযোগীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন র্যাব সদস্যদের জানান, চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকা থেকে ঢাকার মোহাম্মদপুরে একটি বাসায় মালামালগুলো নিয়ে যাচ্ছিলেন। ট্রাকে থাকা ফার্নিচারগুলো পুলিশের এসআই বদরুদ্দোজার বলেও জানান তারা। পাশাপাশি ওই কেবিনেটে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ থেকে চট্টগ্রাম নগর পুলিশে বদলি হয়ে আসা এসআই বদরুদ্দোজার নাম, বিপি নম্বর ও মোবাইল নম্বরসহ সিল লাগানো একটি ডায়েরি পান র্যাব সদস্যরা।
পরে এ ঘটনায় নগরীর খুলশী থানা পুলিশ বদরুদ্দোজাকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এরপর তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় মিরসরাই থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
আরও পড়ুন- ইয়াবা পাচারের দায়ে পুলিশের এসআই গ্রেফতার







