হবিগঞ্জে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্যরা। এসময় ভ্রাম্যমাণ আদালত জসিম উদ্দিন (২৯) নামে এক দালালকে কারাদণ্ড দেন। জসিম উদ্দিন শহরতলীর বড় বহুলা গ্রামের আব্দুল মন্নানের পুত্র।
মঙ্গলবার (৯ এপ্রিল) বিকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত বিআরটিএ কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন আরাফাত ও হবিগঞ্জ দুদকের কর্মকর্তা অসীম কুমার সাহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন আরাফাত জানান, বেশ কিছুদিন ধরে হবিগঞ্জ বিআরটিএ’র কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এ প্রেক্ষিতে মঙ্গলবার অভিযান চালানো হয়। এসময় জসিম উদ্দিন নামে এক দালালকে হাতে নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।







