রাঙামাটির কাপ্তাইতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে এক শিশুসহ দুই জন নিহত হয়েছেন। সোমবার সকাল ১২টার দিকে কাপ্তাই উপজেলার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ এ কথা জানান।
নিহতরা হলো, উজ্জ্বল মল্লিক (৩) ও তাহমিনা বেগম (২৫)।
এলাকাবাসী জানায়, রবিবার রাত থেকে রাঙামাটিতে প্রবল বৃষ্টি হচ্ছে। সোমবার সকাল ১২টার দিকে কাপ্তাই উপজেলার কলাবাগানের মালি কলোনির পাহাড়ের মাটি ধসে নিচের থাকা দুইটি ঘরের উপর পড়ে। এসময় ঘরের ভেতর থাকা সুনীল মল্লিকের পরিবারের উজ্জ্বল মল্লিক (৩) ও গফুর মিয়ার পরিবারের তাহমিনা বেগম ছাড়া বাকী সবাই বের হতে আসতে সক্ষম হয়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে উজ্জ্বল মল্লিক ও তাহমিনা বেগমের মৃতদেহ উদ্ধার করে।
কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার এ কে এম কামরুল হাসান বলেন,‘ফায়ার সার্ভিসের লোকজন ২৫ বছরের এক মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে অসে। কিন্তু হাসাপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’








