রাজবাড়ী জেলা সদরের গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর অন্তরমোড় এলাকায় একটি পাথর বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় ট্রলারের থাকা ১০ শ্রমিকের মধ্যে চারজন নিখোঁজ হন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী ও ডুবুরি দল।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুর পর্যন্ত ঘটনার ২৪ ঘণ্টা হলেও কাউকে খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় নিখোঁজরা হলেন সিরাজগঞ্জ জেলার রূপবাটি সনোশা গ্রামের আবুল সেখের ছেলে আব্দুল শেখ (২৬), শাহজাহান শেখের ছেলে নুর জামান শেখ (২৭), আমজাদ আলীর ছেলে আলামিন শেখ (২৫), আলতাফ শেখের ছেলে ফারুক প্রামাণিক (৩০)।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, শুক্রবার দুপুরে কাঠের তৈরি ট্রলারটি পাথর নিয়ে কাজীরহাট থেকে রাজবাড়ীর গোদার বাজার যাচ্ছিল। অন্তরমোড় এলাকায় পৌঁছালে নৌকার তলা ফেটে ট্রলারটি ডুবে যায়। এসময় ১০ জন শ্রমিকের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বাকিরা নিখোঁজ রয়েছেন।
সংবাদ পেয়ে শুক্রবার দুপুরে অভিযানে নামে ফায়ার সার্ভিস কর্মীরা। পরে শনিবার দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান চালানো হয়। পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত থাকায় অভিযান চালাতে কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।








