চট্টগ্রামে বন্ধুকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। বৃহস্পতিবার (২১ এপ্রিল) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. জাহেদ মাহমুদ (২৬) নগরীর বাগমনিরাম এলাকার সেলিম মাহমুদের ছেলে।
চট্টগ্রাম মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দীন জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৮ ডিসেম্বর নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদের পাশে পাহাড়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র কফিল উদ্দিনকে ছুরিকাঘাত করে হত্যা করেন জাহেদ। পরে কফিলের কাছে থাকা ল্যাপটপ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান। ওই ঘটনার কয়েকদিন পর জাহেদকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারের পর জাহেদ হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে ২০১২ সালের ৩ মে জাহেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা।
১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আরও পড়তে পারেন: মেয়েকে নিয়ে ৫ বছর ধরে হাসপাতালে আছেন মা, হচ্ছে না চিকিৎসা
/বিটি/








