কুষ্টিয়ায় ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আমিরুল ইসলাম (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় চার পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং মাঠ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত আমিরুল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার সোনাইডাঙ্গা গ্রামের জবের মিস্ত্রির ছেলে।
পুলিশের দাবি, নিহত আমিরুল চরমপন্থী সংগঠন গণবাহিনীর আঞ্চলিক কমান্ডার ছিলেন।
কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মণ্ডল ফিলিং স্টেশনের কাছে ৭/৮ জনের একদল ডাকাত গাছের গুড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধা ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হন আমিরুল। আহত হন ডিবি পুলিশের চার সদস্য। গুলিবিদ্ধ আমিরুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে হত্যা, গুম, অপহরণসহ সাতটি মামলা রয়েছে।
আরও পড়ুন:
চট্টগ্রামে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত
/বিটি/








