জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের এক স্বতন্ত্র প্রার্থীকে জোরপূর্বক আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরে খবর পেয়ে জয়পুরহাট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র্যাব) এর একটি দল পাঁচ ঘণ্টা পর মাত্রাই এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
মাত্রাই ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যক্ষ মনোয়ার হোসেন সোমবার সকাল ১০টার দিকে কালাই উপজেলা সদরে মনোনয়নপত্র জমা করতে যান। এসময় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী আ ন ম শওকত হাবিব লজিকের লোকজন তাকে জোরপূর্বক ধরে এনে মাত্রাই আব্দুর রাজ্জাকের বাড়িতে আটকে রাখে। পরে বিকাল ৩টার দিকে র্যাব-৫ এর সদস্যরা তাকে উদ্ধার করেন। এ ঘটনায় ইসমাইল হোসেন ও সামছুদ্দিনকে র্যাব আটক করেছে।
আরও পাড়তে পারেন : পানামা পেপারসে নাম ওঠা ১১ জনকে দুদকে তলব
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. হাসান আরাফাত জানান, মনোয়ার হোসেনের স্ত্রী আটককৃতদের বিরুদ্ধে মামলা করবেন বলে তাদের জানিয়েছেন।
এ ব্যাপারে আওয়ামী প্রার্থী শওকত হাবিবের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করে ফোন বন্ধ পাওয়া গেছে।
প্রসঙ্গত, কালাই উপজেলার ৫ ইউনিয়নে পঞ্চম ধাপে আগামী ২৮ মে নির্বাচন হবে। আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
/এসটি/আপ-জেবি








