রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ কয়েক দফা দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে এ স্মারকলিপি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।
অধ্যাপক শহীদুল্লাহ জানান, দাবিগুলোর মধ্যে রয়েছে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-ছাত্র হত্যাকাণ্ডের বিচারকাজ দ্রুত নিষ্পত্তি, যেসব হত্যা মামলার বিচার শেষ হয়েছে সেগুলোর দ্রুত রায় কার্যকর করা।
স্মারকলিপি দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, মহাসচিব অধ্যাপক মোকসেদ কামাল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু প্রমুখ।
এর আগে ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাড়ির পাশে খুন হন অধ্যাপক রেজাউল। এরপর থেকেই হত্যাকারীদের শাস্তির দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষক-শিক্ষার্থীরা।
আরও পড়ুন:
‘যেদিন ফাঁসি কার্যকর হবে, সেদিন আরও বেশি শান্তি পাবো’
/বিটি/








